পলাশে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৯:৪৪

নরসিংদীর পলাশে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের পর গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনারচর নামক গ্রামে এই নির্মম ঘটনাটি ঘটে। এ ঘটনায় রবিন মিয়া (১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। নিহত শিশু কাকলি ধনারচর গ্রামের অটোচালক ওসমান মিয়ার মেয়ে। কাকলি ওই ইউনিয়নের বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।

অপরদিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আটক রবিন মিয়া একই গ্রামের কৃষক কাশেম মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার এসআই মীর সোহেল রানা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে শিশু কন্যা কাকলি খেলা করছিল। হঠাৎ তাকে না পেয়ে পরিবারের লোকেরা তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশের একটি নির্জন স্থানে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী শিশুটির পরিবারকে খবর দেয়। শিশুটির পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় পায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে রবিন নামে এক কিশোরকে আটক করে।

পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, শিশুটিকে ধর্ষণের পর গলাটিপে হত্যার বিষয়টি প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। শুনেছি শিশুটি খেলা করা অবস্থায় তার সাথে রবিন নামে ওই কিশোরটি ছিল। ধর্ষণ ও হত্যার সাথে সে জড়িত থাকতে পারে বলে আমাদের ধারণা। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।   

এদিকে এ ঘটনায় পর থেকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেয়েকে হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়ে শিশুটির মা ফারজানা আক্তারসহ পরিবারের সদস্যরা।

ইত্তেফাক/নূহু