ওষুধের গায়ে লেখা ‘সরকারি সম্পত্তি, বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ।’ অথচ এই ধরনের বিপুল পরিমাণ ওষুধ মিলল পুরান ঢাকার মিটফোর্ডে পাইকারি ওষুধ বিক্রির দুটি মার্কেটে। গতকাল মঙ্গলবার জননী ও মেট্রো মেডিসিন মার্কেটে র্যাব-১০ এ অভিযান চালায়। শুধু বিনামূল্যে সরবরাহের এই ওষুধই নয়, দুটি মার্কেটের ৩৪টি দোকানে অভিযান চালিয়ে র্যাব জব্দ করেছে অনুমোদনহীন, নকল ও বিক্রিয় নিষিদ্ধ ওষুধও। এসব অপরাধে ৬ জনকে কারাদণ্ড ও ৬০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেয়া র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, দুপুর থেকে তাদের এ অভিযান শুরু হয়ে চলে রাত পর্যন্ত। দুটি মার্কেটের ৩৪টি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন, নকল ও বিক্রিয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে। যেসব ওষুধ বিনামূল্যে বিতরণের জন্য সরকার উত্পাদন করে এমন ওষুধও মিলেছে। সব মিলিয়ে প্রায় ৮ কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। অভিযানে অপরাধ স্বীকার করায় ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৩৪টির বেশি পাইকারি ওষুধের দোকানকে ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
