পাকিস্তানের সিন্ধ প্রদেশের লারকানায় একটি ভোটকেন্দ্রের বাইরে এক বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। লারকানার এনএ-২০০ আসনের এক ভোটকেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটেছে। খবর জিও টিভির।
খবরে বলা হয়, লারকানার শাহ মুহাম্মদ স্কুলে স্থাপিত ভোটকেন্দ্রের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাকিস্তান পিপলস পার্টির একটি শিবির লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
বিস্ফোরণের ধরণ সম্বন্ধে এখনো কিছু জানা যায়নি। জানা গেছে, বিস্ফোরণের পর কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল। তবে স্থানীয় ডিআইজি আকবর রিয়াজ জানিয়েছেন, পরবর্তীতে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হচ্ছে আজ। এ নিয়ে দেশটিতে জাতীয় নির্বাচনের দিন দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এর আগে বেলুচিস্তানের কোয়েটা শহরের এক ভোটকেন্দ্রের পাশে একটি বিস্ফোরণ হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। ওই হামলায় ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জন।
ইত্তেফাক/ জেআর
