বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিলে ঢাকা-ওয়াশিংটন বন্ধন মজবুত হবে : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৯:৫৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দণ্ডিত খুনি রাশেদ চৌধুরীকে বিচারের জন্য ফেরত দেওয়া হলে বাংলাদেশের জনগণের মাঝে যুক্তরাষ্ট্র সম্পর্কে আরো ইতিবাচক ধারণা সৃষ্ট হবে। দুই দেশের বন্ধন আরো মজবুত হবে। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী জন জে সুলিভানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এ কথা বলেন।

এ সময় তিনি রাশেদ চৌধুরীকে ফেরত দিতে মার্কিন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। জবাবে উপ-পররাষ্ট্রমন্ত্রী সুলিভান জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং মার্কিন বিচার বিভাগ এটি নিয়ে কাজ করছে। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে নিরাপদ ও স্থায়ীভাবে ফেরানো নিশ্চিত করতে মার্কিন প্রশাসনকে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য যে বিরাট বোঝা তা স্বীকার করেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী। তিনি আশ্বাস দেন যে, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্র মিয়ানমার সরকারের সঙ্গে কাজ করে যাবে।

দ্বিপাক্ষিক বৈঠকে জন জে সুলিভান রোহিঙ্গা সংকট সামাল দিতে বাংলাদেশের ভূমিকার জন্য ধন্যবাদ জানান। অন্যদিকে এই ব্যাপক মানবিক সংকট মোকাবেলায় বাংলাদেশকে সমর্থন ও সহায়তা দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা পৌঁছে দেন মাহমুদ আলী। তিনি মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন জে সুলিভান এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে তাদের সুবিধা মতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রথমবারের মতো আয়োজিত ধর্মীয় স্বাধীনতা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর আমন্ত্রণে বর্তমানে ওয়াশিংটন ডিসি সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। মার্কিন পররাষ্ট্র দফতর ধর্মীয় স্বাধীনতা নিয়ে ২৫-২৬ জুলাই উচ্চ পর্যায়ের এ বৈশ্বিক সম্মেলনের আয়োজন করেছে।

ইত্তেফাক/নূহু