বগুড়া সদরের নামুজা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পলিপাতার পাটক্ষেত থেকে হাত পা বাঁধা ও ওড়না দিয়ে ফাঁস দেওয়া অজ্ঞাত ১৮ বছরের এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর থানা পুলিশ এই মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
বুধবার সকালে স্থানীয় এক ব্যক্তি পলিপাতারে ঘাস কাটতে গিয়ে পাটক্ষেতে মহিলা মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে জানান। তিনি নামুজা ইউপি চেয়ারম্যান এসএম রাসেল মামুনকে জানালে বগুড়া সদর থানায় বিষয়টি অবহিত করেন।
সদর থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান ও ওসি (তদন্ত) কামরুজ্জান দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাট দিয়ে হাত পা বাঁধা ও ওড়না দিয়ে ফাঁস লাগানো অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পায়। পরে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করে পুলিশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওই নারীর পরনে লাল পায়জামা ও কালো রঙের কামিজ ছিল। লাশের পাশ থেকে উদ্ধার হওয়া একটি ভ্যানিটি ব্যাগসহ নগদ ৩৫ টাকা পুলিশ উদ্ধার করেছে।
বগুড়া সদর থানার ওসি ওই নারীর মরদেহ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, তার পরিচয় জানার চেষ্ঠা করা হচ্ছে। এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়েরের প্রস্ততি চলছে।
ইত্তেফাক/নূহু
