আবার রাজনীতি শুরুর ঘোষণা দিলেন ক্ষমতাচ্যুত কাতালান প্রেসিডেন্ট

আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৯:৪১
বেলজিয়ামে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড শুরুর ঘোষণা দিলেন ক্ষমতাচ্যুত কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজেমন। স্পেনের আদালত গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করায়  এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত চার মাস ধরে বার্লিনে অবস্থান করছিলেন পুজেমন। খবর এএফপি’র।
 
পুজেমন বার্লিনে সংবাদ সম্মেলনে বলেন, ‘চলতি সপ্তাহান্তে আমি বেলজিয়ামে চলে যাবো। সেখান থেকে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করবো।’
 
গত বছরের ২৭ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত হবার পর ব্রাসেলস পালিয়ে যান এই স্বাধীনতাপন্থী কাতালান নেতা। পরবর্তীতে তিনি ওয়াটারলুতে বসবাস শুরু করেন।  মার্চের শেষে ফিনল্যান্ড থেকে ফেরার পর জার্মানীতে তাকে গ্রেপ্তার করা হয়। স্পেনের আদালত তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারী পরোয়ানা জারি করে তাকে ফেরত দিতে জার্মানীর প্রতি আহবান জানায়। তবে  ফেরত না দিয়ে তাকে জামিনে মুক্তি দেয় জার্মান আদালত। গেল বৃহস্পতিবার স্পেনের সুপ্রীমকোর্টের বিচারক পাবলো লারেনা পুজেমনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারী পরোয়ানা বাতিল করেন।
 
ইত্তেফাক/টিএস