যুক্তরাষ্ট্রে ‘নিখোঁজ’ বুদ্ধিপ্রতিবন্ধী খেলোয়াড় রেজওয়ানুল হকের খোঁজ মিলেছে। বর্তমানে শিকাগো পুলিশের কাছে আছেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিবিএস শিকাগো।
শিকাগো পুলিশ জানিয়েছে, রেজওয়ানুলকে ২৪ জুলাই বিকালে শিকাগো এলাকাতেই পাওয়া যায়। তিনি নিরাপদেই রয়েছেন।
স্পেশাল অলিম্পিকের পরিচালক ফারুকুল ইসলাম জানান, রেজওয়ানুল বর্তমানে শিকাগো পুলিশের কাছে আছেন। খুব দ্রুত দেশে ফিরে আসবেন। তাকে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করা হবে শিগগিরই। এর পরেই দেশে ফিরে আসবেন রেজওয়ানুল।
স্পেশাল অলিম্পিকের অর্ধশত বর্ষপূর্তি উপলক্ষে ১৭ জুলাই শিকাগো গিয়েছিলেন ২২ বছরের গোল্ডমেডেল জয়ী এই বাংলাদেশি অ্যাথলেট। এক পর্যায়ে হোটেল থেকে বেরিয়ে যান রেজওয়ানুল। বুদ্ধিপ্রতিবন্ধী এই ফুটবলার এরপর দলের সঙ্গে কোনও যোগাযোগ রাখেন নি। তিনি ইংরেজিতে কথাও বলতে পারেন না।
হোটেলের সিসি ক্যামেরায় তাকে সর্বশেষ দেখা গিয়েছিল খেলা শুরুর আগের দিন গত বৃহস্পতিবার বিকালে। শুক্রবার তার ব্যাপারে ‘হাই রিস্ক মিসিং পারসন অ্যালার্ট’ ইস্যু করে যুক্তরাষ্ট্রের পুলিশ।
১৯২ দেশ থেকে প্রায় দুই হাজার প্রতিবন্ধী খেলোয়াড় অংশ নেন স্পেশাল অলিম্পিকে। আর কাউকে নিয়েই কর্তৃপক্ষকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি।
ইত্তেফাক/আরকেজি
