নাটোরের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার বাস কাউন্টারের পশ্চিম পাশের একটি আম গাছ থেকে অজ্ঞাত (৪০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।
গাছে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের পকেটে একটি কাগজে লেখা উত্তম কুমার নামসহ একটি মোবাইল নম্বর পাওয়া গেছে। তবে সেটি বন্ধ রয়েছে। লাশটির পরিচয় জানতে পুলিশ নিহতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে।
গুরুদাসপুর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, প্রাথমিক আলামতে বোঝা গেছে ওই ব্যক্তি হিন্দুধর্মালম্বী হতে পারে। এখন অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক অথবা পরকীয়ার ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তবে তারা নিহত ব্যাক্তিকে চেনেন না।
ইত্তেফাক/এএম
