চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট থেকে ৭টি সোনার বারসহ আজহার উদ্দীন (৩০) নামে ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা। বিকাল সাড়ে ৫টার দিকে বৈধপথে ভারত গমনের আগে তাকে আটক করা হয়। আটককৃত আজহার উদ্দীন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা জেলার খিদিরপুর গ্রামের আব্দুর রহিম খানের ছেলে।
কাস্টমস সুপার সঞ্জীব আচার্য জানান, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর কাস্টমস শুল্ক গোয়েন্দা উপ-পরিচালক সাইফুর রহমানের নেতৃত্বে একদল কাস্টমস পুলিশ দর্শনা জয়নগর চেকপোষ্ট সীমান্তে অবস্থান নেয়। এ সময় আজহার উদ্দীনের ইমিগ্রেশন কার্যক্রম শেষে কাস্টমস কক্ষে প্রবেশ করার সময় তাকে আটক করে। এরপর রাতে তার জুতা তল্লাশি করে ৭টি সোনার বার উদ্ধার করে যার ওজন ৭শ গ্রাম এবং মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা।
কাস্টমস শুল্ক গোয়েন্দা উপ-পরিচালক সাইফুর রহমান জানান, গত মঙ্গলবার সকালে আজহার উদ্দীন দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে বৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। যার পাসপোর্ট নম্বর (এফ-১৬৯০৬০৫)। এরপর বাসযোগে ঢাকায় যায়। এরপর সে আজ বুধবার একইভাবে বাসযোগে দর্শনা আসে এবং ভারতে প্রবেশের আগেই আমরা তাকে আটক করি।
তিনি আরও জানান, বিগত ২ মাসে দর্শনা চেকপোস্টে স্বর্ণ চোরাচালানের ৬টি মামলা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১ জন ভারতীয় নাগরিকসহ ৮ জন বাংলাদেশী চোরাচালানীকে। এ সমস্ত অভিযানে উদ্ধার করা হয়েছে ৯ কেজি স্বর্ণ। যার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
ইত্তেফাক/নূহু
