ভারতের নয়াদিল্লিতে একই পরিবারে আট দিন অনাহারে থেকে তিন শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের বয়স যথাক্রমে আট, চার এবং দুই বছর। স্থানীয় পুলিশ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর এনডিটিভি।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে এক নারী তার তিন সন্তানকে নিয়ে হাসপাতালে আসেন, হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন তিন শিশুর কেউ বেঁচে নেই। তাদের প্রত্যেকের অনাহারে মৃত্যু হয়েছে।
তৎক্ষণাৎ পুলিশ ওই নারীকে জিজ্ঞেস করলে তিনি বিড়বিড় করে বলেন, আমাকে কিছু খাবার দিন।
হাসপাতালের চিকিৎসক আরও জানান, প্রায় আট দিন ধরে শিশুদের কোন খাবার দেওয়া হয়নি। শিশুদের পাকস্থলীতে কোন খাবারের চিহ্নমাত্র নেই।
লাল বাহাদুর শস্ত্রী হাসপাতালের অধ্যক্ষ অমিতা স্যাক্সেনা বলেন, পোস্টমর্টেম তদন্তে দেখা যায় শিশুদের পাকস্থলী ছিলো পুরোপুরি খালি। অনাহারে শিশুদের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত।
অন্য এক চিকিৎসক বলেন, আমার ১৫ বছরের চিকিৎসা জীবনে এমন ঘটনা দেখিনি। সত্যি এটা অনেক মর্মান্তিক।
জানা যায়, পাঁচ সদস্যের পরিবারটি গত শনিবার বেঙ্গল থেকে পশ্চিম দিল্লির মান্দাওয়ালিতে আসেন শিশুদের বাবার এক বন্ধুর সঙ্গে। তাদের বাবা পেশায় একজন রিকশাচালক। রিকশা চুরি যাওয়ায় কাজের খোঁজে দিল্লিতে যান শিশুদের বাবা।
কয়েকজন প্রতিবেশী জানান, তাদের বাবা কয়েকদিন থেকে পরিবারটিতে আসেন না, কাজের খোঁজে তিনি দিল্লি গেছেন।
পুলিশ আরও জানায়, পরিবারটির বাড়িতে তল্লাশি চালিয়ে কিছুই খুঁজে পাওয়া যায়নি। না কোন খাবার বা অন্যকিছু। শুধু ডায়রিয়ার কিছু ওষুধ পাওয়া যায়।
এছাড়া পুলিশ জানায়, শিশুদের মাকে দেখে মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন।
দিল্লির মত জায়গায় অনাহারে তিন শিশুর মৃত্যুতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে ভারতে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মানবাধিকার সংগঠন রাস্তায় নেমে পড়েছে।
ইত্তেফাক/এসআর/নূহু
