জাপানে সারিন গ্যাস হামলার দায়ে ৬ জনের ফাঁসি

আপডেট : ২৬ জুলাই ২০১৮, ২১:১৭
জাপানে রাসায়নিক গ্যাস দিয়ে মানুষ হত্যার দায়ে  ৬ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। তারা সবাই আধ্যাত্মিক সংগঠন ‘ওম সিনরিকিও’ এর সদস্য। বৃহস্পতিবার সকালে তাদের ফাঁসি কার্যকর করা হয় বলে জানিয়েছে জাপানের আইন ও বিচারমন্ত্রী ইয়োমো কামিওকা। বিবিসি, এনডিটিভি।
 
১৯৯৫ সালের ২০ মার্চ সংগঠনটির সদস্যরা টোকিওর পাতাল রেললাইনে সারিন গ্যাস ভর্তি কয়েকটি ব্যাগ ফেলে রেখে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন কিছু বুঝে উঠার আগেই অসুস্থ হয়ে পড়েন। পরে মারা যান ১৩ জন। অন্ধ ও পঙ্গু হন অনেকে।
 
সংগঠনটির মোট ১৯ সদস্য এ হামলা চালানোর অভিযোগে বিচারের মুখোমুখি হন। তাদের মধ্যে সংগঠনের প্রধান আসাহারাসহ ১৩ জন মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। বাকি ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
 
আশির দশকে ওম সিনরিকিও সংগঠনের মতাদর্শ জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে সহিংস হয়ে ওঠার পর একে নিষিদ্ধ করা হয়।
 
ইত্তেফাক/টিএস