কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্পে পায়খানার গর্তে ডুবে এবং অটোরিক্সা চার্জিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুই রোহিঙ্গার মৃত্যু ঘটেছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ঊনছিপ্রাং পুঁটিবনিয়া ক্যাম্পের বি-ব্লকের রুম নং-৩৫৭-এর বাসিন্দা সর্দার হোসেনের মেয়ে শহিনা আক্তার (২) এনজিও সংস্থা ব্র্যাক কর্তৃক নির্মিতব্য পায়খানার জন্য তৈরি গর্তের জমানো পানিতে ডুবে মারা যায়। স্বজনেরা তার ভাসমান লাশ উদ্ধার করে দাফনের প্রস্তুতি নিচ্ছে।
অপরদিকে বিকাল ৩টারদিকে রিক্সা চার্জিংয়ের সময় মৃত হোছন আহমদের পুত্র রিক্সা চালক রোহিঙ্গা রশিদ আহমদ প্রকাশ রইশ্যা (৩৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। হ্নীলা বাসস্টেশনের উত্তর পাশের দেলোয়ার হোছেন প্রকাশ সোনা মিয়ার অটোরিক্সা গ্যারেজে এ ঘটনা ঘটে। তার সংসারে স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তাকে বাড়িতে নিয়ে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/নূহু
