জাফর ইকবালের ওপর হামলা; ৬জনের নামে চার্জশিট

আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৯:৩১

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা মামলায় হামলাকারী ফয়জুরসহ ৬জনকে অভিযুক্ত করে চার্জশিট আদালতে উপস্থাপন করা হয়েছে বৃহস্পতিবার। মহানগর মেট্রোপলিটন আদালত-১ এর বিচারক হরিদাস পাল আদালতে ৩৫৩ পৃষ্ঠার এ চার্জশিট জমা দেন সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী।

এর আগে বেলা পৌনে ১২টার দিকে মামলাটির তদন্তের দায়িত্বে থাকা জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চার্জশিট অমূল্য কুমার চৌধুরীর কাছে হস্তান্তর করেন।

এদিকে গত বুধবার বিকালে এসএমপির কনফারেন্স হলে এক ব্রিফিংয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ জানান, অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলা মামলায় ৬ জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে। তারা হচ্ছে-হামলাকারী ফয়জুল হাসান ওরফে ফয়েজ, তার বন্ধু মো: সোহাগ মিয়া, পিতা-হাফেজ মাওলানা আতিকুর রহমান, মাতা মোছাম্মৎ মিনারা বেগম, মামা মো: ফজলুর রহমান এবং ভাই মো: এনামুল হাসান। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে ৬ জনই সিলেট জেলে আছে।

তিনি জানান, ঘটনাস্থলের স্থির চিত্র, সিসি ক্যামেরার ফুটেজ, মোবাইল কল লিস্ট ও অন্যান্য সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে তার নিশ্চিত হয়েছেন, আসামি ফয়জুল নিজেই ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যার পরিকল্পনা করে এবং সে একাই তাকে হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করে। মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফয়জুল হাসান ওরফে ফয়েজ ছাড়াও বাকিদেরও সম্পৃক্ততা পাওয়া গেছে।

গত ২ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত ইইই ফেস্টিভ্যালে জাফর ইকবালকে হত্যার উদ্দেশ্যে তার মাথার পেছন দিকে এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনায় শাবিপ্রবির রেজিস্টার মুহাম্মদ ইশফাকুল হোসেন জালালাবাদ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

ইত্তেফাক/নূহু