উত্যক্তকারীর ভয়ে স্কুল যেতে পারছে না স্কুলছাত্রী

আপডেট : ২৬ জুলাই ২০১৮, ২০:০১

উত্যক্তকারীর ভয়ে দীর্ঘ এক মাস স্কুলে যেতে পারছে না ৭ম শ্রেণির স্কুলছাত্রী মুক্তা আক্তার। উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের স্কুল শিক্ষক আব্দুর রশিদের মেয়ে সে।

জানা গেছে, হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির নিয়মিত ছাত্রী মুক্তা আক্তার। বাড়ি থেকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে একই গ্রামের শফিউল ইসলাম শরিফের ছেলে নজমুল মিয়া পথরোধ করে প্রতিনিয়ত কু প্রস্তাব দেওয়াসহ উত্যক্ত করে আসছিল। ঘটনাটি মুক্তার পিতা জানতে পারলে তিনি বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষসহ উত্যক্তকারীর অভিভাবককে জানান। এতে উত্যক্তকারী ক্ষিপ্ত হয়ে মুক্তাকে অপহরণ করাসহ তার পিতা ও পরিবারকে জীবনাশের হুমকি দেয়।

এর পর মুক্তার পিতা আব্দুর রশিদ গত ৮ জুলাই উত্যক্তকারীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়ার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরও কোন ব্যাবস্থা না নেওয়ায় উত্যক্তকারী আরো বেপরোয়া হয়ে ওঠে। এ অবস্থা চলতে থাকায় মুক্তাকে তার পরিবারের লোকজন আত্মমর্যদার ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। মেয়েটির নিরাপত্তার কথা ভেবে তাকে বাড়ি থেকে দূরে সরিয়ে রেখেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, ব্যাবস্থা নেওয়ার জন্য থানা পুলিশকে বলা হলেও তারা ব্যাবস্থা নিয়েছেন কি না তা আমার জানা নেই।

মুক্তার পিতা আব্দুর রশিদ আবেগে আপ্লুত হয়ে বলেন, উত্যক্তকারীদের ভয়ে তিনি নিরাপদে চলাফেরা করতে পারছেন না।

ইত্তেফাক/নূহু