সীতাকুণ্ডে আনসারের গুলিতে এক যুবক নিহত

আপডেট : ২৬ জুলাই ২০১৮, ২০:১০

সীতাকুণ্ডে শীতলপুর এলাকার আনসারের গুলিতে শাহাব উদ্দীন(২৮) নামে এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে আবুল খায়ের গ্রুপ কর্তৃপক্ষ নিহত ব্যক্তিকে একজন ডাকাত পরিচয় দিয়ে একজন আনসার সদস্যকে বাদী করে একটি মামলা দায়ের করেছে।

মামলার বিবরণে জানা যায়, গত বুধবার রাত ১টার সময় ৮নং সোনাইছড়ি ইউনিয়নস্থ আবুল খায়ের গ্রুপের রোলিং মিলস্-এর পিছনের গেইট দিয়ে একদল ডাকাত মিলে প্রবেশ করতে চায়। এতে আনসার সদস্যরা বাধা দিলে শাহাব উদ্দিনের সঙ্গে থাকা অন্যরা আনসারদের ওপর হামলা চালায়। কয়েকজন আনসার সদস্যকে ছুরিকাঘাত করে আহত করে। আত্মরক্ষার্থে আনসার বাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে শাহাব উদ্দিন মারা যায়।

আনসার সদস্য আবুল খায়ের বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করে। নিহত শাহাবুদ্দিন ৬নং ওয়ার্ডের শীতলপুর গ্রামের মৃত শফিউল্ল্যাহ জুনুর ছেলে। ডাকাতদের হামলায় আহত আনসার সদস্যরা হলেন, মিজানুর রহমান, মোঃ সফি উল্ল্যাহ ও অসিত বরণ। এদের সকলকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে নিহতের মা দেলোয়ারা বেগম বলেন, আমার ছেলেকে এয়াকুব নামে একজন ছেলের মাধ্যমে ডেকে নিয়ে মেরে ফেলে আনসার বাহিনী।

অপরদিকে ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ নজরুল ইসলাম জানান, নিহত শাহাবুদ্দিন এলাকার একজন চোর হিসেবে পরিচিত।

এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হাসান পিপিএম(বার) বলেন, আবুল খায়ের একটি ডাকাতি মামলা দেয় এবং আমরা লাশটি রাতে থানায় এনে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করি।

ইত্তেফাক/নূহু