সাতক্ষীরার তালা উপজেলার লালচন্দ্রপুর গ্রামে এক বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে! গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকালে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে লালচন্দ্রপুর মাঠের পাশে এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষকের নাম পরিমল বিশ্বাস (৬০)। সে লালচন্দ্রপুর গ্রামের মৃত নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে। ঘটনার পর থেকে পরিমল পলাতক রয়েছে।
ধর্ষণের শিকার শিশুটি পাটকেলঘাটা সদরের মিনা স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ও লালচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
নাম প্রকাশ না করার শর্তে শিশুটির এক প্রতিবেশী বলেন, বুধবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে লালচন্দ্রপুর মাঠের পাশে শিশুটিকে ফুঁসলিয়ে নিয়ে ধর্ষণ করে পরিমল বিশ্বাস। এ ঘটনায় সরুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ভারসা গ্রামের হাফিজউদ্দীন সালিশী বৈঠক করেন। সেখানে শিশুটির বাবাকে ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হয়। পরবর্তীতে শিশুটিকে বাড়িতে নিয়ে যায় তার বাবা।
বৃহস্পতিবার দুপুরের পর থেকে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। এ সময় শিশুটির মা চিৎকার করে ঘটনাটি সকলকে জানায়। এরপর শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাটি জানতে ইউপি সদস্য হাফিজউদ্দীনের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা বলেন, ঘটনাটি এলাকায় জানাজানি হবার পর বিস্তারিত তথ্য জানতে মাঠে নেমেছে পুলিশ। ইতিমধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিমল বিশ্বাসকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
ইত্তেফাক/নূহু
