হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শাহজি বাজার রাবার বাগানের কাছে রেলক্রসিং নামক স্থান থেকে ডাকাতিকালে তিন ডাকাতকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
আটককৃত ডাকাতরা হলো, হবিগঞ্জ জেলার লাখাই থানার করাব গ্রামের আব্দুল হাইয়ের ছেলে নাঈম মিয়া (২০), একই জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের সানু মিয়ার ছেলে অনিক মিয়া (২০) ও একই উপজেলার চানপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জিতু মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ডাকাতদের কাছ থেকে একটি ছুরি, দুইটি দামি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
ডাকাতদের ছুরির আঘাতে গুরুতর আহত রাসেল মিয়াকে (২৪) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাসেল মিয়া যশোর জেলার মনিরামপুুর থানার বাঙালি পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিছুর রহমান ডাকাতির ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
