নিরাপত্তার চাদরে রাজশাহী মহানগরী

আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৭:২০
আগামী সোমবার রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আজ শনিবার ভোর থেকে নগরীতে ১৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সর্বাত্মক সতর্ক অবস্থায় মাঠে রয়েছে।
 
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সদর দফতরের অধিনায়ক লেফটেনেন্টে কর্নেল শামিম মাসুদ আল ইফতেখার বলেন, নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী জননিরপত্তার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী সোমবার রাসিক নির্বাচন উপলক্ষে ১৯ প্লাটুন বিজিবি নামানো হয়েছে। তিনি আরো বলেন, আইন-শৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫ প্লাটুন বিজিবি সদস্য টহল ও স্টাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এবং চার প্লাটুন বিজিবি সদস্যকে রিজার্ভে রাখা হয়েছে। তারা বিশেষ প্রয়োজনে দায়িত্ব পালন করবেন। আগামী মঙ্গলবার নির্বাচনের পরদিন পর্যস্ত নগরীতে বিজিবির টহল চলমান থাকবে বলেও জানান তিনি।
 
এদিকে, র‌্যাব-৫ (সিও) লেফটেনেন্টে কর্নেল মাহাবুবুল আলম বলেন, নির্বাচনকে সামনে রেখে সাড়ে ৪শ’ র‌্যাব সদস্য মাঠে থাকবেন। নগরীর ৩০টি ওয়ার্ডের প্রত্যেকটিতে একটি করে র‌্যাবের টিম অবস্থান করবেন এবং বাকিরা টহল অবস্থায় থাকবেন।
 
আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বলেন, জননিরাপত্তার জন্য ৩ হাজারের অধিক পুলিশ সদস্য নির্বাচনী মাঠে থাকবেন। এছাড়া আনসার বাহিনীর সদস্যরাও নির্বাচনী দায়িত্বে থাকবেন। 
 
তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কোনো রকম নির্বচনী আচরণবিধি ভঙ্গ না হয় সে বিষয়ে সবাত্মক সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। 
 
ইত্তেফাক/কেকে