আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন-জাতীয় সংসদ নির্বাচনে যে দল নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলবে, তাদেরকে জনগণ লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে। খেলা হবে নির্বাচনী মাঠে, খালেদা জিয়ার দল বিএনপিকে নির্বাচনী মাঠেই মোকাবেলা করবে আওয়ামী লীগ।
নির্বাচনী মাঠ থেকে বিএনপিকে না পালানোর আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম আরো বলেছেন-জনগণের ভোট নিয়ে শেখ হাসিনা এবার সরকার গঠনে বিজয়ের হ্যাটট্রিক মুকুট পড়বে ইনশাল্লাহ। তিনি শনিবার দিনভর সিরাজগঞ্জে নানা কর্মসুচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন।
সকালে কাজিপুরে শহীদ এম মনসুর আলী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পত্নী মিসেস লায়লা আরজুমান্দ বিথী। পরে তিনি উপজেলা পরিষদ আয়োজিত পরিষদ মাঠে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন।
এরপর ৯০ জন ভুমিহীনের মাঝে জমির দলিল হস্তাস্তর করেন। বিকেলে জেলা সদরে মুক্তির সোপানে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ এবং বন বিভাগ আয়োজিত ৭ দিনব্যাপী ফলদ বনজ বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন। মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। বক্তব্য দেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসন, কৃষি কর্মকর্তা আরশেদ আলী ও অ্যাডভোকেট আব্দুর রহমান।
সমাবেশে নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেছেন- গণতান্ত্রিক অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে জনগণের রায় আওয়ামীলীগ মেনে নেবে। তিনি শেখ হাসিনাকে এ দেশের সফল নেত্রী মন্তব্য করে বলেছেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জঙ্গী দমন করেছেন, বিদ্যুত সমস্যার সমাধান করেছেন, মাদক নির্মুলে কঠোর কর্মসূচি গ্রহণ করেছেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন। বিশ্ব দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে দাঁড় করিয়েছেন।
ইত্তেফাক/কেআই
