যমুনায় ভাঙন: সংবাদ প্রকাশের পর ডাম্পিং শুরু, প্রতিমন্ত্রী আজমের পরিদর্শন

আপডেট : ২৯ জুলাই ২০১৮, ০৯:৪০
জামালপুরের ইসলামপুর উপজেলায় 'যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্প নিয়ন্ত্রণ বাঁধে আরসিসি ব্লক ধস' শিরোনামে দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর ভাঙন ঠেকাতে রবিবার ডাম্পিং শুরু করেছে জামালপুরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এদিকে শনিবার বিকালে ভাঙন কবলিত জামালপুর পৌরসভার হরিপুর এলাকাটি পরিদর্শন করছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের মোরাদাবাদ এলাকার অংশে বাঁধের পাইলিং সিসি ব্লক যমুনা নদীর তলদেশে প্রায় ৬০ ফুট গভীর হয়ে হঠাৎ বিভিন্ন স্থানে ধস দেখা দেয়। এ বিষয় শনিবার দৈনিক ইত্তেফাকে একটি প্রতিবেদন ছাপা হলে জামালপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী নেতৃত্বে রবিবার সকাল থেকে প্রথম পর্যায়ে ৩ হাজার জিও ব্যাগের ডাম্পিং কাজ শুরু হয়েছে। এতে এলাকাবাসী বাঁধ ভাঙার আতঙ্কে থেকে অনেকটাই স্বস্তি বোধ করছেন।
 
প্রকৌশলী নব কুমার চৌধুরী বলেন, প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন যমুনার বাম তীর সংরক্ষণ বাঁধটি ৫০মিটার এলাকায় হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। তাই বাঁধ ও ভাঙন রক্ষায় আমরা সেখানে থেকে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছি। প্রথম পর্যায়ে ৩ হাজার ব্যাগ ডাম্পিং করা হবে। প্রয়োজনে আরো বেশি করে হলেও ভাঙন রোধের চেষ্টা অব্যাহত রাখব।
IMG0
ভাঙন এলাকা পরিদর্শন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীর
 
জামালপুর পৌরসভার হরিপুর এলাকায় 'ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন শুরু হয়েছে' শিরোনামে দৈনিক ইত্তেফাকে একটি প্রতিবেদন ছাপা হলে অবশেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম শনিবার বিকালে এলাকাটি পরিদর্শন করছেন। প্রাথমিক পর্যায়ে ৩ হাজার বস্তা জিও ব্যাগ ডাম্পিং করার নির্দেশ দেন।
 
এ সময় তার সঙ্গে ছিলেন, জামালপুর পৌরসভার মেয়র মীর্জা সাখাওয়াতুল আলম মনি, প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী, জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএসএম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি