টটেনহ্যামের বিপক্ষে টাইব্রেকারে জিতল বার্সেলোনা

আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১২:২৮
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে টটেনহ্যাম হটসপারের বিপক্ষে টাইব্রেকারে জিতেছে বার্সেলোনা। এই ম্যাচে অবশ্য মেসি, সুয়ারেজরা খেলেননি।
 
বাংলাদেশ সময় রবিবার সকালে মাঠে নামে বার্সেলোনা। তাদের প্রতিপক্ষ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটসপার। ম্যাচে বার্সেলোনা প্রথমে ২-০ গোলে এগিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত ২-২ এ সমতা নিয়ে শেষ হয় ৯০ মিনিটের খেলা। তাতে সমতা ভাঙতে আশ্রয় নিতে হয় টাইব্রেকারের। সেখানে ৫-৩ ব্যবধানে টটেনহ্যামকে হারিয়ে জয় দিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ শুরু করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
 
যুক্তরাষ্ট্রের রোস বোল স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এ সময় রাফিনহা হেডে বল বাড়িয়ে দেন মুনির এল হাদ্দাদিকে। তিনি হেড দিয়ে বল জালে পাঠিয়ে দেন। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্সার আর্থুর। এই গোলেও সহায়তা করেন রাফিনহা।
 
বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ায় টটেনহ্যাম। ৭৩ মিনিটে ব্যবধান কমান টটেনহ্যামের সন হিউং মিন। এর দুই মিনিট পরেই ম্যাচে সমতা ফেরান ইংলিশ ক্লাবের জর্জেস কেভিন এনকদু। এর পর আর কোনো দল গোল করতে পারেনি।
 
তাই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বার্সেলোনার হয়ে পাঁচ জন শুট করে পাঁচজনই গোল করেন। তাদের মধ্য ছিলেন সার্জি প্যালেন্সিয়া, আবেল রুইজ, মনচু, রিকার্ডো পুইগ মার্তি ও ম্যালকম। অন্যদিকে টটেনহ্যামের হয়ে সন হিউং-মিন, বেন ডেভিয়েস ও ডাভিনসন সানচেজ গোল করলেও মিস করেন অ্যান্থনি জর্জিউ। ফলে ৫-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠে ছাড়ে কাতালানরা।
 
ইত্তেফাক/ইউবি