জয়পুরহাটের আক্কেলপুরে ব্যাটারি চালিত অটোরিকশার চালককে গলাকেটে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ রবিবার সকালে আক্কেলপুর-তিলকপুর সড়কের চারদীঘি নামক স্থানে ওই চালকের গলাকাটা লাশ পাওয়া গেছে। নিহত ব্যক্তির স্বজনরা ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করেছেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত ব্যক্তির দুলাল হোসেন (৩৫)। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার পারিচা গ্রামের ছামিদুল ইসলামের ছেলে।
সকাল ১০টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হলুদ রঙের গেঞ্জি ও জিন্সের প্যান্ট পরা এক তরুণের লাশ সড়কের পাশে ঝুপড়ির মধ্যে পড়ে আছে। লাশের নাক ও গলাকাটা ছিল। স্থানীয় লোকজন লাশটি দেখতে সেখানে ভিড় করছিলেন। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে আসেন আক্কেলপুর থানা পুলিশ।
স্থানীয়রা জানান, পুকুরিয়া গ্রামের বাসিন্দা শিক্ষক দেলোয়ার হোসেন রবিবার সকালে সড়কে প্রাতঃভ্রমণ করছিলেন। তিনি সড়কের ঝুপড়ির পাশে লাশটি দেখতে পেয়ে চিৎকার করেন। এরপর সেখানে লোকজন ছুটে আসেন। কিছুক্ষণ পরেই রাজন, শহিদ ও শাওন নামের তিন ব্যক্তি সেখানে এসে লাশটি শনাক্ত করেন। তারা নিহত ব্যক্তি দুলালা হোসেনের স্বজন বলে পরিচয় দিয়েছেন।
আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তি ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। যাত্রী বেশে অটোরিকশাটি ভাড়া করা হয়েছিল বলে স্বজনদের কাছ থেকে জানা গেছে। অটোরিকশাটির সন্ধ্যান পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে
