বিমানবন্দরে সাড়ে ৬ কেজি স্বর্ণ উদ্ধার, কর্মচারীসহ আটক ৩

আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৯:০৮
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মসজিদ থেকে রবিবার সাড়ে ৬ কেজি ওজনের ৫৭টি স্বর্ণের বারসহ তিনজন আটক হয়েছেন। তারা হলেন- সিভিল অ্যাভিয়েশেনের কর্মচারী জামাল উদ্দিন পাটোয়ারি এবং দুই যাত্রী জাহিদুল সালমান ভূইয়া ও একারমুল হক।
 
এ ব্যাপারে ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার ও প্রিভেন্টিভ টিমের প্রধান অথেলো চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের একটি দল সকালে বিমানবন্দরের তৃতীয় তলায় লাউঞ্জ এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে তৃতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এয়ার লাউঞ্জের’ পাশে মসজিদের মধ্যে সিভিল অ্যাভিয়েশন কর্মচারী জামাল উদ্দিন পাটওয়ারী এবং দুই যাত্রী মোহাম্মদ একরামুল হক ও জাহিদুল হক সালমান ভূঁইয়াকে স্বর্ণ হস্তান্তরের সময় আটক করা হয়। 
 
বিমানবন্দর সূত্র জানায়, আটকৃত দুই যাত্রী দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে ঢাকায় এসে স্বর্ণসহ মসজিদে প্রবেশ করেন। এরপর স্বর্ণ হস্তান্তরের জন্য নামাজের ভঙ্গিমায় অপেক্ষা করতে থাকেন। পরবর্তীতে সিভিল অ্যাভিয়েশন কর্মচারী জামাল উদ্দিন পাটওয়ারী মসজিদে স্বর্ণ গ্রহণের জন্য প্রবেশ করেন।
 
আটকের পর তিনজনকে কাস্টমস হলে নিয়ে আসা হয় এবং বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগের মধ্যে রক্ষিত সিগারেটের প্যাকেটের মধ্যে হলুদ স্কচটেপে মোড়ানো অবস্থায় ১০ তোলা ওজনের ৫৭টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৬ কেজি ৬৩০ গ্রাম। বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ৩২ লাখ টাকা।
 
সূত্র আরও জানায়, সিভিল অ্যাভিয়েশন কর্মচারী জামাল উদ্দিন পাটওয়ারী ‘ক্লিনিং শিফট ইনচার্জ’ হিসেবে বিমানবন্দরে কর্মরত। নিয়ম অনুযায়ী কর্মরত থাকা অবস্থায় একজন কর্মচারীর নিকট একটি ডি-পাস থাকার কথা থাকলেও তার কাছে ২টি ডি-পাস পাওয়া যায়। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী আটকদের বিরুদ্ধে মামলা হবে বলে জানান প্রিভেন্টিভ টিমের প্রধান অথেলো চৌধুরী। 
 
ইত্তেফাক/এমআই