ধামরাইয়ে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বাবা এবং বড় ভাইকে। ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত ছেলে রায়হান মিয়াকে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানা গেছে। তবে রায়হান ভারসাম্যহীন বলে দাবি করেছে তার স্বজনরা।
সোমবার রাতে ধামরাই উপজেলার রোয়াইলের খড়ারচর পশ্চিম পাড়া এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, অন্য রাতের মতো রায়হান মিয়া তার বাবা-মার সঙ্গে গতরাতেও একই কক্ষে ঘুমায়। রাতের শেষ ভাগে ঘুমন্ত অবস্থায় থাকা মা জামেনা বেগম ও বাবা বাছেদ আলীকে হঠাৎ কোপাতে থাকে রায়হান। এ সময় তাদের চিৎকারে পাশের কক্ষ থেকে বড় ভাই রতন মিয়া এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে সে। পরবর্তীতে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় বাবা ও বড় ভাইকে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই মারা যান মা জামেনা বেগম। বর্তমানে নিবিড় পরিচর্যায় রয়েছেন রায়হানের বাবা বাছেদ আলী ও বড় ভাই রতন মিয়া।
এ ব্যাপারে ধামরাই থানার এস আই মোঃ কামাল হোসেন জানান, অভিযুক্ত ছেলে রাহানকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৫১।
ইত্তেফাক/নূহু
