আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে দেশের বেশ কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাবে এবং পাহাড়ি এলাকায় ভূমি ধসের সম্ভাবনা রয়েছে।
দেশের ৯৪টি নদীর মধ্যে ৫১ টি নদীর পানি বৃদ্ধি পায় ও ৩৯টি নদীর পানি হ্রাস পায় এবং ৪ টি নদীর পানি অপরিবর্তিত থাকে বলে আবহাওয়া অফিস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায়। আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলে ৫১টি নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে। আজ দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার নদ-নদীর পানি সমতুল স্থিতিশীল এবং মেঘনা অববাহিকার নদী সমূহের পানি বৃদ্ধি থাকবে বলে বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায়।
আবহাওয়া অফিস আরো জানায়, আজ বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ কুমিল্লা, নোয়াখালী, সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে পাহাড়ি এলাকায় ভূমি ধসের সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহেশখালীতে ১১৭ দশমিক ৭ মিলিমিটার ও বগুড়ায় ৯৫মিলিমিটার, কক্সবাজারে ৭১ মিলিটিার, সুনামগঞ্জে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সিকিম, আসাম মেঘালয়, ত্রিপুরায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে চেরাপুঞ্জিতে ৮০ মিলিমিটার, শিলচরে ৩২ গ্যাংটকে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এছাড়া প্রবল বৃষ্টির ফলে দেশের ৫১টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায়।
ইত্তেফাক/মোস্তাফিজ
