“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা”-এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা ও রোপন পক্ষ-২০১৮।
আজ সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। মেলা উপলক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর এর আয়োজনে ঐ দিন বেলা সাড়ে ১১ টার দিকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও নানা শ্রেণির পেশার মানুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
IMG0
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি ফলের চাড়া রোপন করেন এমপি নিক্সন। অনুষ্ঠানের শুরুতে নিক্সন চৌধুরীকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ক্রেস্ট উপহার দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নিক্সন চৌধুরী।
IMG1
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী, চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিল্লাল হোসেন, উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ও চরভদ্রাসন প্রেসক্লাবের সভাপতি মো. মেজবাহ উদ্দিন প্রমুখ।
IMG2
জানা যায়, তিন দিনব্যাপী এ মেলায় বিনামূল্যে ফলদ বৃক্ষ বিতরণ করার পাশাপাশি বৃক্ষ রোপনে সব শ্রেণি-পেশার মানুষকে উদ্বুদ্ধ করা হবে।
ইত্তেফাক/কেকে
