সুন্দরগঞ্জে বুলডোজার দিয়ে হত্যা, গ্রেফতার ১

আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৯:০৬
সুন্দরগঞ্জ উপজেলায় বালুর অবৈধ ব্যবসার টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বুলডোজারের চাপায় একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মোহাম্মদ আলী কেলে নামের একজনকে গ্রেফতার করেছে।
 
জানা গেছে, দীর্ঘদিন থেকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামের মৃত আলহাজ্ব আব্দুর রাজ্জাক ইয়াজু খালাসীর ছেলে আব্দুর রহিমের পুকুর হতে চুক্তি সাপেক্ষে একই ইউনিয়নের মনিরামকাজী গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে মোহাম্মদ আলী কেলে বালু উত্তোলন করে অবৈধভাবে কালোবাজারে বিক্রি করে আসছিলেন। 
 
এদিকে, গত রবিবার সন্ধ্যা ৭টার সময় আব্দুর রহিম মোহাম্মদ আলীর কাছে চুক্তিবদ্ধ টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বুলডোজারের দিয়ে চাপা দিলে আব্দুর রহিম গুরুতর আহত হন। 
 
এলাকাবাসী রহিমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এসময় এলাকার উত্তেজিত জনতা বালু ব্যবসায়ী মোহাম্মদ আলী কেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ বুলডোজারটি জব্দ করেছে। 
 
থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে