কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সোমবার রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আজ সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কখনো মুষলধারে বৃষ্টি এবং কখনো ভ্যাপসা গরমের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোট দিতে দেখা যায়। তবে ভোট কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে না দেয়া, এজেন্টদের বের করে দেয়া ও ভোট ডাকাতিসহ আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর বিনোদপুরের ইসলামিয়া কলেজ কেন্দ্রে কারচুপির অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী বুলবুল দুপুর ১টার পর থেকে সেখানে অবস্থান নেন। বিকেল ৪টা পর্যন্ত তিনি সেখানে বসে ছিলেন। তবে ইত্তেফাকের এ প্রতিবেদেক সকাল থেকে বিকেল পর্যন্ত যতগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন তার সবগুলোতেই ভোটারদের সন্তোষজনক উপস্থিতি এবং নৌকা ও ধানের শীষের পোলিং এজেন্ট পেয়েছেন। তবে বিবি হিন্দু একাডেমির ৬ নং বুথ এবং বালিয়াপুকুর বিদ্যানিকেতনের (মহিলা) চারতরার একটি বুথে বিএনপির পোলিং এজেন্ট পাননি এ প্রতিবেদক।
সকাল ৯টায় মূষলধারে বৃষ্টির মধ্যেও নগরীর হামিদপুর নওদাপাড়া হাইস্কুল এবং প্রাইমারী স্কুল ভোট কেন্দ্রে পুরুষ এবং মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বাধ ভাঙ্গা জোয়ারের মত। বৃষ্টির মধ্যেই ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে থেকে ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল সাড়ে ১০টায় হামিদপুর হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রাজশাহী ডিসি অফিসের সহকারী পরিচালক আনোয়ার কামাল বলেন, তার কেন্দ্রের ২৬১৮ ভোটের মধ্যে কাস্ট হয়েছে প্রায় ৮শত। পাঁচ মিনিট পরে পার্শ্ববর্তী হামিদপুর নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রিন্সিপাল অফিসার ফজলে করিম বলেন, কেন্দ্রের ২৩১৪ ভোটের মধ্যে তখ নপর্যন্ত কাস্ট হয়েছে ৭ শত। ১০টা ৪০ মিনিটে নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার, রাকাবের প্রিন্সিপাল অফিসার আসাদুল আলম বলেন, কেন্দ্রের ২৪০০ ভোটের মধ্যে তখ নপর্যন্ত কাস্ট হয়েছে ৮শত। সকাল ১১টা ৩৬ মিনিটে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, তেরখাদিয়া কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার রুহুল আমিন বলেন, কেন্দ্রের ৩৭৬৬ ভোটের মধ্যে তখ নপর্যন্ত কাস্ট হয়েছে ১৩শত।
১২টা ২০ মিনিটে আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, রাজশাহী সরকারি নিউ ডিগ্রি কলেজের প্রভাষক ইমতিয়াজুল আলম বলেন, তার কেন্দ্রের ২৪২৩ ভোটের মধ্যে তখন পর্যন্ত কাস্ট হয়েছে ১১শত ৬০ ভোট। দুপুর সাড়ে ১২টায় নগরীর ২২ নং ওয়ার্ডের ইভিএম কেন্দ্র বিবি হিন্দু একাডেমি মহিলা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, সরকারি মহিলা কলেজের অধ্যাপক আসলাম উদ্দিন বলেন, তার কেন্দ্রের ১৭৪৬ ভোটের মধ্যে ১২টা পর্যন্ত কাস্ট হয়েছে ৪৯৭ ভোট। এ কেন্দ্রের সবগুলো বুথে নৌকা ও ধানের শীষের পোলিং এজেন্ট থাকলেও ৫ নং বুথে ধানের শীষের কোনো পোলিং এজেন্ট ছিল না। একই প্রতিষ্ঠানের পুরুষ কেন্দ্রের ২ নং বুথে দুপুর সাড়ে ১২টায় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ও তার সহোদর মঞ্জুর ফারুক চৌধুরীকে দোতলায় ভিড়ের মধ্যে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার জরুরি প্রয়োজনে নীচে অবস্থান করছিলেন বলে ভোটের হিসাব নেয়া যায়নি।
দুপুর পৌনে ১টায় বালিয়াপুকুর বিদ্যানিকেতন কেন্দ্রের (পুরুষ) প্রিসাইডিং অফিসার আব্দুল গণি বলেন, তার কেন্দ্রের মোট ২৮০৪ ভোটের মধ্যে তখন পর্যন্ত কাস্ট হয়েছে ১২শত ভোট। একই কেন্দ্রের (মহিলা) প্রিসাইডিং অফিসার সাইফুর রহমান বলেন, তখন পর্যন্ত তার কেন্দ্রের ৪২% ভোট কাস্ট হয়েছে। দুপুর ২টায় ছোটবনগ্রাম রাজশাহী মিটি করপোরেশন ইউসেপ স্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, রাকাবের প্রিন্সিপাল অফিসার আব্দুল মালেক বলেন, দুপুর ২টা পর্যন্ত তার কেন্দ্রের ১৮৪৪ ভোটের মধ্যে ৭০% কাস্ট হয়েছে।
দড়িখরবনা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফরহাদ হোসেন বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থায় ভোট গ্রহণ চলছে। সকালে মহিলা ভোটারদের এবং দুপুরের পর পুরুষ ভোটারদের উপস্থিতি বাড়ছিল। হেতেম খাঁ বহুমূখি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেন, বুথের ভেতর সকল প্রার্থীর পোলিং এজেন্ট রয়েছেন। সবাই অত্যন্ত সুন্দর ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এই কেন্দ্র থেকে কোন অভিযোগ এ পর্যন্ত আসেনি। সিটি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাপস কুমার রায় বলেন, এখানকার সবাই আন্তরিক। এ কেন্দ্রের ৬টা বুথে ১ ঘন্টায় ১৬৫৫ ভোটারের মধ্যে প্রায় ৮৭৪ জন (২০%) নারী ভোট দিয়েছেন।
এ দিকে দুপুর ৩টার দিকে গোলাগুলির খবর পেয়ে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের আটকোশী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ ও মহিলা অনুমান ৬/৭শত পুরুষ ও মহিলা ভোটার কেন্দ্রের বাইরে বাইরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কিন্তু পুলিশ স্কুলের প্রধান ফটক ফটক বন্ধ রেখে একটি সরু অংশ খোলা রেখেছে। ওই সরু পথ দিয়ে শুধু কেন্দ্রের ভেতরে থাকা ভোটারদের বের হতে দেয়া হচ্ছিল। তবে কোনো ভোটারকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না। এসময় এ প্রতিবেদকসহ কয়েকটি টিভি চ্যানেলের সাংবাদিকরা ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ সকলকে টেনে হিঁচড়ে সরিয়ে দেয়। এভাবে প্রায় একঘন্টা পর বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে পুলিশ লাঠিচার্জ করে অপেক্ষমান ভোটারদের ওই কেন্দ্রের সামনে থেকে তাড়িয়ে দেয়। পরে বিক্ষুব্ধ ভোটাররা কেন্দ্রের অদূরে প্রবেশ পথ অবরোধ করে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সেখানে বিক্ষুব্ধ ভোটারদের অবরোধ চলছিল।
এ দিকে বিএনপির পক্ষ থেকে টিকাপাড়া ইউসেপ স্কুল ভোটকেন্দ্রে পোলিং এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ কার হয়েছে। তবে পার্শ্ববর্তী শিরোইল কলোনীর গোল্ডেন টাচ প্রি ক্যাডেট স্কুল ভোটকেন্দ্রের দায়িত্ব নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, সেখানে কোনো সমস্যাই নেই। সবাই ভালোভাবেই ভোট দিচ্ছে। এছাড়া ৩ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্র থেকে একজন পোলিং এজেন্টকে বের দেয়ার খবর অভিযোগ ছাড়া তেরখাদিয়া এলাকার সবকটি ভোটকেন্দ্রে ভোট সুষ্ঠু হওয়ার খবর পাওয়া গেছে। তবে সকাল ৮টায় এবং দুপুর ১টার পর সবগুলো ভোট কেন্দ্রে ভোটারদের ভিড় দেখা গেছে। সরেজমিনে পরির্দশন ও মহানগরীর বেশ কিছু কেন্দ্রের সাধারণ ভোটার ও প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণের কথা জানা যায়। বিএনপির পক্ষ থেকে কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ আনা হলেও সিংহভাগ কেন্দ্র ছিল শান্তিপূর্ণ অবস্থায়।
ভোট দিয়েছেন লিটন, ভোট দেননি বুলবুল
আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন সকাল ৮টায় নগরীর উপশহরের স্যাটেলাইট টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। এছাড়া মেয়র প্রার্থী মুরাদ মোর্শেদ তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়াম কেন্দ্রে, মেয়র প্রার্থী হাবিবুর রহমান নগরীর কাদিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং মেয়র প্রার্থী সফিকুল ইসলাম নগরীল ছোটবনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। তবে ‘লাভ নেই’ বলে মন্তব্য করে নিজেই ভোটটিও দেননি বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। এছাড়া বিএনপির মেয়র প্রার্থীর প্রদান নির্বাচনী এজেন্ট ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপুও ভোট দেননি বলে জানা গেছে। তবে ভোট দিয়েছেন বুলবুলের পাশে থেকে সবসময় প্রচার-প্রচারণা চালানো বিএনপির সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
দুপুর ২টার পর বুলবুল সাংবাদিকদের নিশ্চিত করেন, তিনি ভোট দিচ্ছেন না। কারণ জানতে চাইলে তিনি তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ এনে বলেন, ‘এই বিপন্ন গণতন্ত্রে আমার পোলিং এজেন্টরা ভোট দিতে পারেননি, সেখানে আমার ভোট দিয়ে লাভ কী?’
উল্লেখ্য, হ্যাট্টিক প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল একই কেন্দ্রের উপ-শহর স্যাটেলাইট টাউন স্কুল কেন্দ্রের ভোটার। সকাল ৮টায় ভোট দিয়ে লিটন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথাও বলেন। বুলবুল আসবেন, তার ভোট নিয়ে মতামত জানবেন, এ জন্য অপেক্ষা করলেও শেষ পর্যন্ত আসেননি বুলবুল। বেলা সাড়ে ১১টা পর্যন্ত তিনি না আসার পর ওই কেন্দ্র ছেড়ে অন্যত্র যান সাংবাদিকরা।
ইসলামিয়া কলেজ কেন্দ্রে মেয়রের ব্যালট ছিল না (!)
বেলা সাড়ে ১১টার দিকে খবর আসে নগরীর বিনোদপুর এলাকায় ইসলামীয়া কলেজ কেন্দ্রে গিয়ে মাটিতে বসে আছেন বিএনপির মেয়র প্রার্থী বুলবুল। তার অভিযোগ, ওই কেন্দ্রে মেয়র পদে কোনো ব্যালটই ছিল না। যদিও বুলবুলের অভিযোগ সত্য নয় জানিয়ে এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল্লাহেল শাফি বলেন, এটা ভুল বুঝাবুঝি। তারা বিএনপি নেতাকে বুঝানোর চেষ্টা করছেন। বেলা আড়াইটার দিকে বুলবুল বললেন, বিকাল ৪টা অবধি তিনি এখানেই থাকবেন। কিন্তু সে ক্ষেত্রে তার ভোট দেয়া হবে না। জানতে চাইলে বলেন, তার ভোট দেয়ার ইচ্ছাও নাই। জানতে চাইলে বুলবুলের প্রধান নির্বাচনী এজেন্ট তোফাজ্জল হোসেন তপু বলেন, ‘প্রহসন চলছে। এই ভোটের দাম নাই। ভোট দিয়ে করব কী? সব জায়গায় ব্যালট পেপার ছিনতাই।’
২ কেন্দ্রের সামনে এক ছাত্রলীগ নেতাসহ তিনজন ছুরিকাঘাত:
দুইটি ভোটকেন্দ্রের সামনে এক ছাত্রলীগ নেতাসহ তিনজন ছুরিকাহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে নগরীর মৌলভি বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে কাটাখালি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল হোসেন ছুরিকাহত হন। তার অভিযোগ, ভোটের প্রতিদ্বন্দ্বি বিএনপির কর্মীরাই সজলকে ছুরি মেরেছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনার সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ওই কেন্দ্র পরিদর্শন করছিলেন।
অন্যদিকে ভোটগ্রহণ চলাকালে রাজশাহী সিটি কলেজ কেন্দ্রের সামনে যুবলীগের দু’কর্মী ছুরিকাঘাতে আহত হয়েছেন। সোমবার বেলা ১১ টার দিকে এ ঘটনায় আহতরা হলেন, যুবলীগের কর্মী রকি ও রাকিব। স্থানীয় ছাত্রলীগের কর্মীরা তাদেরকে ছুরিকাঘাত করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। আহতরা কাউন্সিলর প্রার্থী আবু বক্কর কিনুর সমর্থক।
এতো সুন্দর ভোট আগে দেখেনি এমপি বাদশা:
রাসিক নির্বাচনের পরিবেশ নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। সোমবার বেলা ১১টার দিকে নগরীর জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, এতো সুন্দর পরিবেশে ভোটগ্রহণ তিনি আগে কখনও দেখেননি। নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে। কারও কোনো সমস্যা হচ্ছে না। সবাই অবাধে ভোট দিতে পারছেন। এতো সুন্দর ভোট আমি মনে হয় এর আগে দেখিনি। তিনি আরও বলেন, এতো সুন্দর ভোট নিয়ে যদি কেউ প্রশ্ন তোলেন, তবে তারা দেশের গণতন্ত্রকে নিয়ে প্রশ্ন তুলবেন। এতো সুন্দর নির্বাচনকে নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। ওই কেন্দ্রের পাশেই বুলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ভোটকেন্দ্রে একই সময় ভোট দেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার স্ত্রী অধ্যাপক তসলিমা খাতুন।
ইত্তেফাক/এমআই
