রাজশাহীর মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী লিটন বিপুল ভোটে জয়ী

আপডেট : ৩০ জুলাই ২০১৮, ২২:৩৯
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে প্রার্থীদের পোলিং এজেন্ট সূত্রে বেসরকারি ফলাফল পাওয়া যায়।
 
রাসিকের ১৩৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে লিটন পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৩৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট।
 
এর আগে, সকাল ৮টায় নগরীর উপ-শহর স্যাটেলাইট টাউন স্কুল কেন্দ্রে নিজের ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার পাশাপাশি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা জয়ের ব্যাপারে শতভাগের কাছাকাছি আশাবাদী। যেকোন ফলাফল মেনে নেয়ার মানসিকতাও আমাদের রয়েছে। আশা করছি, ৭০ থেকে ৭৫ হাজার ভোট বেশি পেয়ে আমরা বিজয়ী হব।’
 
এদিকে, রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনী এলাকায় সংবাদ সংগ্রহের অংশ হিসেবে ইত্তেফাকের এ প্রতিবেদক প্রায় ৩০টির মত ভোট কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখেছেন। ওইসব কেন্দ্রে এ প্রতিবেদক কোনো অনিয়ম দেখতে পাননি। এমনকি প্রতিকূল আবহাওয়া মূষলধারে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের বিশেষ করে নারী ভোটারদের বিপুল উপস্থিতি দেখতে পান। দুটি কেন্দ্রে একটি করে বুথ বাদে সবগুলো কেন্দ্রেই বিএনপির মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট ছিল। এছাড়া কাউন্সিলর প্রার্থীর এজেন্টদের সঙ্গে কথা বলেও কোনো অনিয়মের কথা শুনতে পাননি। অনিয়মের অভিযোগ ছিল না কোনো ভোটারেরও।
 
তবে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল নিজে সাংবাদিকদের কাছে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন।
 
এদিকে রাসিকের ২২নং ওয়ার্ডের ২টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। এসব কেন্দ্রে ভোটাররা প্রথমবার এ পদ্ধতিতে ভোট দেয়ায় কিছুটা সমস্যায় পড়েনি বলে অভিযোগ করেন। তবে, কেন্দ্রে থাকা কর্মকর্তারা এক্ষেত্রে তাদের সহায়তা করেন বলেও জানান ভোটাররা।
 
ইত্তেফাক/আরকেজি