সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ভোট গণনার পর থেকে বিভিন্ন কেন্দ্র থেকে নির্বাচনী ফল আসতে থাকে। এই ফল সিলেট নগরীর মির্জাজাঙ্গালে আওয়ামী লীগের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে মাইকযোগে প্রচার করা হয়। কিন্তু রাত ৯টায় মাইকে ঘোষণা দিয়ে ফল দেয়া বন্ধ করে দেয়া হয়।
এসময় দলীয় নেতাকর্মীদের সিলেট নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে ইসিকে চাপ প্রয়োগের আহ্বান জানান। মাইকে বলা হয়, 'এখন এখান থেকে আর কোন ফল দেয়া হবে না। আমাদের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে কারচুপি চলছে, আপনারা সবাই সেখানে চলে যান। নেতা মিসবাহউদ্দিন সিরাজও সেখানে গেছেন। সুষ্ঠু ফলের জন্য সেখানে গিয়ে চাপ প্রয়োগ করতে হবে।'
এই ঘোষণার পরই কার্যালয় ত্যাগ করতে থাকেন নেতাকর্মীরা। এর আগে বিএনপি সিলেটে ভোট ডাকাতি হয়েছে বলে অভিযোগ করে।
বিএনপি এগিয়ে
এদিকে সর্বশেষ ১২৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হকের প্রাপ্ত ভোট ৮৩ হাজার ৬৪৯। আর আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন কামরানের ভোট ৮০ হাজার ৪০৩ ভোট।
ইত্তেফাক/আরকেজি
