ক্যাম্বোডিয়ায় রবিবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ক্যাম্বোডিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি ভোট নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। ৯.১১ শতাংশ ভোটাররা নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, ব্যালট পেপারে থাকা প্রার্থীদের মধ্যে নির্দিষ্ট কাউকে ভোট না দিয়ে একাধিক প্রার্থী বা সব প্রার্থীকে ভোট দিয়েছে। যার ফলে, ওই ভোট অকার্যকর হয়ে গেছে। খবর আল জাজিরার।
খবরে বলা হয়, রবিবারের নির্বাচনে ক্যাম্বোডিয়ার মোট ২০টি দল অংশ নিয়েছে। প্রাথমিক ফলাফল অনুসারে, ক্ষমতাসীন ক্যাম্বোডিয়ান পিপল’স পার্টি(সিপিপি) ৭৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে। ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশের বেশি।
দলের মুখপাত্র সক এয়সান বলেন, ফলাফল দেখে বোঝা যায় যে, ক্ষমতাসীন দল পার্লামেন্টের সবগুলো আসনেই জয়ী হয়েছে। তবে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
সিপিপি’র জয়ে প্রধানমন্ত্রী হুন সেন পুনরায় ক্ষমতায় আসবেন। ক্ষমতায় আরো একবার দখল নিশ্চিত হল প্রায় তিন দশক ধরে দেশটি শাসন করে আসা হুন সেনের।
সর্বোচ্চ ভোট ক্ষমতাসীন দল পেলেও, দ্বিতীয় সর্বোচ্চ ভোট পায়নি কেউই। চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশ পায়নি। তবে প্রাথমিক ফলাফল অনুসারে, গত নির্বাচনের তুলনায় এই নির্বাচনে ‘বাতিল ভোটের’ পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৫০০ শতাংশ।
গত নির্বাচনে এরকম নষ্ট বা বাতিল ভোটের পরিমাণ ছিল ১.৬ শতাংশ। এবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯.১১ শতাংশ। তবে নির্বাচন কমিশন অনুসারে, বাতিল ভোটের পরিমাণ ৮.৫ শতাংশের কাছাকাছি।
এদিকে, নম পেনহ’তে অকার্যকর ভোটের পরিমাণ ছিল ১৪.৪ শতাংশ। ২০১৪ সালে এরকম ভোটের পরিমাণ ছিল ০.৯৯ শতাংশ।
সব মিলিয়ে লাখ লাখ মানুষ তাদের ভোটাধিকার নষ্ট করেছে। ব্যালট পেপারে কোন নির্দিষ্ট প্রার্থীকে ভোট না দিয়ে কেউ কেউ সবাইকে আবার কেউ কেউ একাধিক প্রার্থীকে ভোট দিয়েছেন।
উল্লেখ্য, সমালোচকদের ভাষ্য, এই নির্বাচন সাজানো।
ইত্তেফাক/ জেআর
