শিরোপা জয়ের ধারাবাহিকতা রক্ষা করতে চান গার্দিওলা

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৩:২৭
এক নাগারে দ্বিতীয়বার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করতে চান ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। গত মৌসুমের পর এবারই শিরোপা জয় করে প্রিমিয়ার লিগের বিগত ১০ বছরের রেকর্ড ভাঙতে চান তিনি। যদিও স্পেন, জার্মানি, ইতালী এবং ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাবগুলো বিগত চার মৌসুম ধরেই পরপর শিরোপা জয় করে চলেছে।
 
বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) মতো ক্লাবগুলো তো বিগত এক দশক ধরে টানা দুইয়ের অধিক লিগ শিরোপা জয়েরও ধারাবাহিকতায় রয়েছে। কিন্তু ইংল্যান্ডে পরপর শিরোপা জয়ের ইতিহাস খুঁজতে হলে আপনাকে ফিরে যেতে হবে ২০০৮/০৯ মৌসুমে। সে সময় হ্যাট্রিক শিরোপা জয় করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এরপর থেকে এখনো পর্যন্ত ধারাবাহিক শিরোপা আর নিশ্চিত করতে পারেনি লিগ চ্যাম্পিয়ন হওয়া চেলসি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিস্টার সিটি।
 
গত মৌসুমে লিগ শিরোপা জয়ী ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা এখন তার শিষ্যদের উজ্জীবিত করছেন ধারবাহিক শিরোপা জয়ের জন্য। গত আসরে রেকর্ড গড়ে প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছে ম্যানচেস্টার সিটি।
 
গার্দিওলা বলেন, ‘প্রিমিয়ার লিগে শক্তিশালী বেশ কিছু ক্লাব রয়েছে। তাদের বিপক্ষে খেলতে হলে তাই সম্মান দেখিয়ে খেলতে হবে। যারা পয়েন্ট টেবিলের নীচের দিকে রয়েছে, তাদের রক্ষণও বেশ শক্তিশালী। আমি এ পর্যন্ত যত লিগে কাজ করেছি তন্মধ্যে এখানকার লিগ সম্পূর্ণ আলাদা।’
 

ইত্তেফাক/এএম