‘আওয়ামী লীগ প্রার্থীদের অফসাইডের ফাঁদে ফেলতে চেয়েছিল বিএনপি’

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৮:১২
সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশব্যাপী আলোচিত তিন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের ফুটবল খেলার মতো অফসাইড ট্রাপে ফেলে ফায়দা নিতে চেয়েছিল বিএনপি মনোনীত প্রার্থীরা।
 
আজ মঙ্গলবার সকালে রাজাধানীর ৪ নম্বর মিন্টু রোডস্থ সমাজকল্যাণ মন্ত্রীর সরকারি বাসভবনে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির নির্বাচনী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কামরুল আহসান, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক কিশোর রায় ও সদস্য তৌহিদুল ইসলাম ।
 
রাশেদ খান মেনন বলেন, নব্বইয়ের দশকে বিশ্বকাপ ফুটবলের সময় ল্যাটিন আমেরিকার দলগুলো প্রতিপক্ষের গোল ভণ্ডুল করতে নিজেরা সবাই ডিফেন্স থেকে মাঝ মাঠে উঠে আসতেন যাতে প্রতিপক্ষের ফরওয়ার্ড বা স্ট্রাইকাররা অফসাইড বিবেচিত হন। এবারের সিটি কর্পোরেশন নির্বাচনেও বিএনপি প্রার্থীরা নিজেরাই পোলিং এজেন্ট না দিয়ে বা কেন্দ্র থেকে বেরিয়ে গিয়ে-তাদেরকে বের করে দেয়া হয়েছে বলে প্রচার করছে এবং দাবি করছে তাদের অনুপস্থিতে জালভোট দেয়া হয়েছে।
 
তিনি বলেন, নির্বাচনে কিছু অনিয়ম হয়নি তা অস্বীকার করব না। তারপরও সিলেটে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় তাদের দাবির ভিন্ন কথাই প্রমাণ করে। এছাড়া বিএনপি আমলে ২০০১ এর তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের তুলনায় এই নির্বাচন অনেক স্বচ্ছ হয়েছে। 
 
মেনন আরো বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের আগেই হেরে বসে ছিল বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তার প্রমাণ নির্বাচন প্রচার নিয়ম অনুসারে বাড়িতে বাড়িতে ভোটার স্লিপ ও লিফলেট না দেয়া এবং এমনকি প্রার্থী নিজেই নিজের ভোটার সিরিয়াল জানতেন না বলেও জানা গেছে।অন্যদিকে রাজশাহীতে বিএনপি মেয়র প্রার্থী রাগ করে কেন্দ্রের বাইরে খেলার মাঠে সময় কাটিয়েছেন।
 
যাদের নির্বাচনী অভিজ্ঞতা আছে তারা এ ধরনের কৌশল সম্বন্ধে ভালই জানেন। এ ঘটনার মধ্য দিয়ে তারা কেবল এই নির্বাচনই নয় জাতীয় নির্বাচনকেও প্রশ্নের মুখে দাঁড় করাতে চাচ্ছে। তারা যদি সেই নির্বাচন বর্জন করার সিদ্ধান্তও নেন তাহলেও আশ্চার্য হওয়ার কিছু থাকবে না বলে তিনি উল্লেখ করেন। বাসস
 
ইত্তেফাক/কেকে