খুলনায় পুকুর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৮:১৮
খুলনায় পুকুর থেকে শেখ আনোয়ার হোসেন (৪২) নামে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর দৌলতপুরের দেয়ানা মধ্যপাড়া পাখির মোড় এলাকার নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শেখ আনোয়ার হোসেন দেয়ানা মধ্যাপাড়ার মৃত শেখ জালালউদ্দীনের ছেলে।
 
নগরীর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, ট্রান্সপোর্ট ব্যবসায়ী শেখ আনোয়ার হোসেন সোমবার রাত ১১টার দিকে ভাত খেয়ে একটু বাড়ির বাইরে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
 
মঙ্গলবার দুপুরে নিজেদের পুকুরে আনোয়ার হোসেনের লাশ ভেসে থাকতে দেখে স্বজনরা পুলিশকে জানায়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত আনোয়ারের কপালে ও পেটে নখের আঁচড়ের চিহ্ন রয়েছে। তবে তার শরীরে ভারী কোনো আঘাতের চিহ্ন নেই।
 
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনোয়ারের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 
ইত্তেফাক/আরকেজি