আট বছর পর আবারো একসঙ্গে অভিনয় তাদের

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ২০:১৫
দীর্ঘ আট বছরের বিরতি দিয়ে আবার জুটি বেঁধে কাজ করতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। অনুরাগ কাশ্যপের প্রযোজনায় ‘গুলাব জামুন’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। 
 
আর এ খবরটি নিশ্চিত করেছে ছবির নায়িকা ঐশ্বরিয়া নিজেই।
 
সম্প্রতি মিড-ডে কে দেওয়া সাক্ষাত্কারে ঐশ্বরিয়া বলেন, ‘আমি আর এবি (অভিষেক বচ্চন) গুলাব জামুনে কাজ করতে রাজি হয়েছি। আমার তো মনে হয় এই স্ক্রিপ্টটা খুব ভাল হবে আমাদের জন্য।’
 
তিনি আরো জানান, বাড়িতে চিত্রনাট্য নিয়ে তাঁরা নাকি নিজেদের মধ্যে আলোচনা করেন। স্ক্রিপ্ট নিজেদের উত্তেজিত না করলে সেই ছবি করতে রাজি হন না তারা। ক্যারিয়ার নিয়ে এই বোঝাপড়া নিজেদের মধ্যে রয়েছে বলেই দাবি ঐশ্বরিয়ার।
 
উল্লেখ্য, সর্বশেষ ২০১০ সালে শেষবার বড়পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল ঐশ্বরিয়া-অভিষেককে। মণিরত্নমের ‘রাবণ’-এ জুটিতে কাজ করেছিলেন বাস্তবের এই জুটি। 
 
ইত্তেফাক/রেজা