স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা

আপডেট : ৩১ জুলাই ২০১৮, ২১:০০
স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন ভারতীয় এক যুবক। খবর হিন্দুস্তান টাইমসের।
 
পুলিশ জানায়, অমিত চৌহান (২৮) নামের এক ভারতীয় যুবক স্ত্রীকে নিয়ে হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে থাকতেন। গতকালই তার স্ত্রী তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যায়। আজ অমিত তার ঘরে বসে ফেসবুক লাইভে আসেন। বন্ধুদের লাইভ ভিডিওটি শেয়ার করতে বলেন। একটু পর ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস টানেন।
 
পুলিশ আরও জানায়, অনেক দিন ধরে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিলো না অমিতের। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। তাদের ঘরে দুই সন্তান রয়েছে।
 
এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করলেও ঘটনার তদন্ত শুরু করেছে গুরুগ্রাম পুলিশ।
 
ইত্তেফাক/এসআর/টিএস