সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৩:১১
 
সাতক্ষীরায় জ্বালানী পণ্যবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে সাতক্ষীরা শহরের জজ কোর্ট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এসময় ঘাতক ট্রাকসহ তার ড্রাইভারকে শহরের চৌরঙ্গী মোড় থেকে আটক করে পুলিশ।
 
নিহত মোটরসাইকেল চালকের নাম মোশাররফ হোসেন(৪০)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী গ্রামের শেখ আবু ইউসুফের ছেলে ও তিব্বত কোম্পানির জ্যেষ্ঠ রিপ্রেজেনটেটিভ।
 
অপরদিকে, আটক ট্রাকড্রইভারের নাম ইসরাফিল হোসেন(২৮)। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের নিবার আলী সরদারের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মোশাররফ পেশাগত কাজে বুধবার সকাল ১০টার দিকে মোটর সাইকেল যোগে সদর হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি জজ কোর্ট এলাকায় পৌঁছালে মজুমদার ফিলিং স্টেশনের একটি জ্বালানী পণ্যবাহী ট্রাক তার মোটর সাইকেলের পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ