বিসিসি নির্বাচন বাতিল দাবি

বিএনপির কর্মসূচিতে পুলিশি বাধা, আহত ৮

আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৫:৪৭
বরিশাল সিটি করপোরেশন (বিবিসি) নির্বাচন বাতিলের দাবিতে বুধবার সকালে বিএনপি আয়োজিত মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বিএনপির পরাজিত মেয়র প্রার্থী দলের যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরওয়ারসহ ৮ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
 
তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের কর্মসূচিতে বাধা নয়, নগরের ব্যস্ততম সড়ক সদররোডে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়।
 
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট জালিয়াতির ঘটনায় নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। এতে অংশগ্রহণের লক্ষ্যে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়ার পর থেকে পুলিশ আশপাশের এলাকায় অবস্থান নেয়। এসময় সেখান থেকে নেতাকর্মীদের সরিয়ে দিয়ে পুলিশ দলীয় কার্যালয় আটকে দেয়।
 
প্রতক্ষদর্শীরা জানান, এসময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের কথাকাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে মজিবর রহমান সরওয়ার দলীয় কার্যালয়ে ঢুকতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশি বাধার মুখে নেতাকর্মীরা নগরীর সদররোডে গিয়ে অবস্থান নেয় এবং রাস্তার ওপর বসে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় পুলিশ সেখান থেকে নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে পুনরায় ধস্তাধস্তির ঘটনা ঘটে।
 
সরওয়ার অভিযোগ করেন, ভোট জালিয়াতির প্রতিবাদে ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। কিন্তু শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশ আমাদের বাধা প্রদান করে এবং নেতাকর্মীদের মারধর করে। পাশাপাশি নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালাগালও করে পুলিশ।
 
সরওয়ার বলেন, তার শরীরের কয়েক জায়গায় আঘাত লেগেছে। এছাড়াও মহানগর বিএনপির উপদেষ্টা নূরুল আলম ফরিদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সাব্বির, সামাদ, মহিলা কর্মী পাপিয়াসহ ৮ জন আহত হয়।
 
কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল জানান, অনুমতি ছাড়া সদর রোডের প্রধান সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি করার চেষ্টাকালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি, এমনকি পুলিশের পক্ষ থেকে কর্মসূচিতে কোন বাধা প্রদানও করা হয়নি।
 
ইত্তেফাক/আরকেজি