আসামে বাঙালি তাড়ানোর ষড়যন্ত্র, প্রতিবাদে পশ্চিমবঙ্গে রেল অবরোধ

আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৭:৫০
আসামে নাগরিক তালিকা থেকে ৪০ লক্ষ মানুষ বাদ দেয়ার প্রতিবাদে পশ্চিমবঙ্গে রেল অবরোধ করেছে মতুয়া মহাসংঘ৷ বুধবার উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে রেল অবরোধ কর্মসূচি পালন করে তারা৷ এতে দুর্ভোগে পড়েন রেলযাত্রীরা৷
 
বুধবার, হাবড়া, ঠাকুরনগর, বনগাঁ সহ বেশ কিছু জায়গায় রেল অবরোধ ও পথ অবরোধের কর্মসূচি পালন করা হয়। সংঘের সম্পাদক সুরেশ চৌধুরী জানিয়েছেন, বুধবার সকাল ৯-১০টা, এক ঘন্টা রেল অবরোধ করা হয়েছে। এছাড়া খুব শীঘ্রই অসম ভবনে বিক্ষোভ দেখানো হবে। সমস্যা না মিটলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
IMG0
আসামের চূড়ান্ত খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৪০ লাখ ৭ হাজার ৭০৮ জনের নাম। এদের বেশিরভাগই বাংলাভাষী মুসলমান বলে মনে করা হচ্ছে। যদিও এ নিয়ে নির্দিষ্ট তথ্য এখনও দেওয়া হয় নি। এছাড়া বাদ পড়েছে অনেক বাঙালী হিন্দুর নামও।
 
সরকার বলছে, যাদের নাম বাদ পড়ছে, তাদের চিন্তার কোন কারণ নেই। একমাসের মধ্যে তথ্য নথিসহ আবারও দাবি পেশ করা যাবে। আর যাদের নাম বাদ পড়েছে, তাদের এখনই অবৈধ বিদেশি বলে চিহ্নিতও করা হবে না বা বন্দী শিবিরে পাঠানো হবে না।
 
ইত্তেফাক/টিএস