চীনা পণ্যে স্থগিত শুল্ক বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০২ আগস্ট ২০১৮, ০৯:৩৫
২০০ বিলিয়ন ডলার মূল্যের চীনা পণ্যে স্থগিত শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আগে ইঙ্গিত দেওয়া হলেও এ বিষয়ে এখন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।
 
বিভিন্ন সূত্রে জানা গেছে, এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ আরো তীব্রতর অচলাবস্থা তৈরি হতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনা কর্মকর্তাদের মধ্যে আলোচনায় উত্তেজনা প্রশমনের মতো কোনো অগ্রগতি হয়নি।
 
যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ৩৪ বিলিয়ন ডলার মূল্যের চীনা পণ্যে ২৫ শতাংশ শুল্ক ধার্য করেছে। চীন পাল্টা ব্যবস্থা হিসেবে তাত্ক্ষণিকভাবে সমমূল্যের মার্কিন পণ্যে শুল্ক ধার্য করে। চলতি সপ্তাহেই ১৬ বিলিয়ন ডলার মূল্যের পণ্যে শুল্ক কার্যকর হতে পারে।
 
মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজার এর আগে ১০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে এমন আরও ২০০ বিলিয়ন ডলার মূল্যের চীনা রপ্তানির তালিকা প্রকাশ করলে বিষয়টি নিয়ে উত্তেজনা বৃদ্ধি পায়। তালিকায় ছিল ফলমূল ও সবজি, হাতব্যাগ, রেফ্রিজারেটর, রেইন জ্যাকেট ও বেসবল প্লাভস। ওই শুল্ক সেপ্টেম্বর নাগাদ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
ইত্তেফাক/ জেআর