কুমিল্লায় ছুরিকাঘাতে বিল্লাল হোসেন নামে এক স্বর্ণ কারিগর এবং আলী আশরাফ নামে এক অটোচালককে গলাকেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে নগরীর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠের পেছেনে এবং ডুমুরিয়া চাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে নগরীর কেন্দ্রীয় ঈদগাঁয়ের পেছনে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করে হৃদয় নামে এক যুবক। গুরুতর আহত বিল্লালকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিল্লাল হোসেন (৩০) নগরীর জামতলা এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে।
বিল্লালের স্ত্রী হামিদা আক্তার জানান, ‘তার স্বামী আগে স্বর্ণ কারিগর হিসেবে কাজ করলেও বেশ কিছু দিন ধরে তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতো।’
কোতোয়ালি মডেল থানার এএসআই শাওন দাস জানান, ‘আটককৃত হৃদয় ছিনতাইকারী, তিনি নগরের কাপ্তানবাজার এলাকার মেহেদী হাসানের ছেলে।
অপর ঘটনায় নগরীর চাঁনপুর কেরানীবাড়ির পাশে পুরাতন গোমতীর নদীর পাড় থেকে আলী আশ্রাফ (২৮) নামের এক অটোচালককে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করেছে। তিনি মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মৃত হুজুরা মিয়ার ছেলে। পরিবার নিয়ে তিনি নগরীর কালিয়াজুড়ি এলাকায় ভাড়া থাকতো।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
