পঞ্চম দিনের মতো সড়কে নেমে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। স্কুল-কলেজ বন্ধ থাকার পরও যথারীতি স্কুলের পোশাকেই তাদের সড়কে অবস্থান নিতে দেখা গেছে। অন্যদিকে আজ বৃহস্পতিবার ঢাকা থেকে আন্তজেলা বাসগুলো ছেড়ে যাচ্ছে না। আবার অনেক জেলা থেকে ঢাকায় গাড়ি পাঠানোও হচ্ছে না।
পুলিশ জানিয়েছে, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে আজ সকালে কোনো বাস ছেড়ে যায়নি। আবার কোনো বাস ঢাকায় প্রবেশও করেনি। এতে ঢাকা থেকে প্রায় সব সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গাড়ি ভাঙচুরের ঘটনায় নিরাপত্তার কারণ দেখিয়ে ময়মনসিংহ থেকে ঢাকার পথে বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি। জেলা পরিবহন মোটর মালিক সমিতির বাস বিভাগের সম্পাদক বিকাশ সরকার জানান, বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার দিকে কোনো বাস তারা ছাড়েননি। পরিস্থিতি ভালো থাকলে বিকাল থেকে আবার বাস চলাচল শুরু হতে পারে বলে জানান বিকাশ।
ঝালকাঠি: অবৈধ বাস টার্মিনাল বন্ধে প্রশাসনের নির্দেশের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছে ঝালকাঠি বাস মালিক সমিতি।
এতে করে বুধবার (১ আগস্ট) বিকেল থেকে বৃহস্পতিবার (২ আগস্ট) ঝালকাঠি জেলা সড়ক বিভাগ হয়ে বরিশাল, পিরোজপুর, বাগেরহাটসহ আটটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
সিলেট অফিস জানিয়েছে, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সিলেট থেকে আন্তজেলা বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকামুখী সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে ব্রাক্ষণবাড়িয়া ও হবিগঞ্জ পর্যন্ত বাস চলাচল অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এএম
