নিরাপদ সড়ক ও রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় চার দফা দাবিতে ঢাকা- আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করেছে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় মেডিকেল কলেজ শিক্ষার্থীরা হাসপাতাল ক্যাম্পাসের সামনে মানববন্ধন করে। পরে বাইশমাইলে সড়ক অবরোধ করে রাস্তায় বসে যায়। সেখানে আধঘণ্টা অবস্থান শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা গণস্বাস্থ্য মূল ফটকের সামনে ঢাকা- আরিচা মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ করে।
মিছিলে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, ইন্টার্ন ডাক্তার, মেডিকেল অফিসারসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীরা হাতে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে নৌমন্ত্রীর অনৈতিক বক্তব্যের প্রতিবাদ জানায়।
এসময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে যায় রাজধানী ঢাকার সাথে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ। তবে এ্যাম্বুলেন্সসহ রোগীবাহী যান চলাচলের ব্যবস্থা করে দেয়া হয়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ এসে আন্দোলনকারীদের সড়ক অবরোধ তুলে নিতে অনুরোধ করলে তারা দুপুর সাড়ে ১২টায় আন্দোলন স্থগিত করে। পরে পুলিশ সদস্যরা সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেয়ার পর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেয়।
ইত্তেফাক/জেডএইচ/
