সায়েন্স ল্যাবে ট্রাফিক পুলিশের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৭:৪২
দুই কলেজ শিক্ষার্থীকে বাস চাপায় হত্যায় ঘটনায় ঘাতকদের বিচারসহ ৭ দফা দাবিতে রাজধানী ঢাকাজুড়ে শিক্ষার্থীদের আন্দালনের মধ্যে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কথা কাটাকাটি ও দুর্ব্যবহারের জেরে এক ট্রাফিক পুলিশের মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা । এ সময় তার ওপর হামলা চালিয়ে তাকে মারধরও করা হয়েছে।
 
জানা যায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বায়েজিদের মোটর বাইকের লাইসেন্স দেখতে চায় শিক্ষার্থীরা। এ সময় তিনি লাইসেন্স না দেখিয়ে বরং ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।
 
ওই শিক্ষার্থী বলেন, ‘ওই পুলিশ সার্জেন্ট আমাদের একজনকে ধাক্কা দেয়। তখন ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠলে তিনি মোটর বাইক ফেলে দৌঁড় দেন। পরে তাকে ঘিরে ফেলে পিটুনি দেওয়া হয়।’
 
আহত ট্রাফিক সার্জেন্ট বায়েজিদকে পরে সায়েন্স ল্যাব মোড়ের পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। এদিকে বিক্ষোভকারীরা তার মোটরসাইকেলটি জ্বালিয়ে দেয়।
 
এ ঘটনার পর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ঘিরে উত্তেজনা চলছে।
 
ইত্তেফাক/রেজা