নরসিংদীতে শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আপডেট : ০২ আগস্ট ২০১৮, ২২:৪৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদ এবং নিরাপদ সড়ক চাইসহ ৯ দফা দাবিতে সারাদেশের মতো নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১টা হতে নরসিংদী ভেলানগর জেলখানা মোড় অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, বিপিএম, পিপিএম। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে দেখা যায়।

নরসিংদী জেলা দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শান্ত বণিক জানান, মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে। রাস্তার দুপাশে দেখা দেয় দীর্ঘ যানজট। এতে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সবাহী গাড়িগুলো গন্তব্যস্থলে যেতে দিচ্ছে।

বিক্ষুব্দ শিক্ষার্থীরা বিভিন্ন গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেসবিহীন গাড়ি ও ড্রাইভারের লাইসেন্স দেখছে। যাদের নেই তাদের বিরুদ্ধে পুলিশ মামলা করছে।

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে পঞ্চম দিনের মতো রাজধানীর কমপক্ষে ২০টি পয়েন্টে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বাসের লাইসেন্স আছে কিনা তা পরীক্ষা করছেন। তবে গাড়ি চলাচলে বাধা দিচ্ছেন না।

এ রিপোর্ট লেখা সময় পর্যন্ত বিকেল ৪টা ৩৯ মিনিটেও তারা নরসিংদীর জেলখানা মোড়ে অবরোধ অব্যাহত রেখেছে।

ইত্তেফাক/নূহু