চালক সিগারেট জ্বালাতে গিয়ে হিমাচল বাস আইল্যান্ডে

আপডেট : ০২ আগস্ট ২০১৮, ২৩:০৮

গণপরিবহনে প্রকাশ্যে ধুমপান সরকারিভাবে নিষিদ্ধ করা হলেও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় তা মানছে না গাড়ি চালক ও যাত্রীরা। এদিকে নিরাপদ সড়কের দাবিতে সারাদেশের শিক্ষার্থীরা আন্দোলন করছে। এরইমধ্যে এক চালক ধুমপান করতে গিয়ে যাত্রীভর্তি বাস উল্টে দিয়েছে!

ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায়। চলন্ত গাড়িতে চালক সিগারেট জ্বালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে উল্টে যায়। এতে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ আগষ্ট) দুপুর ২টায় মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায়। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়।

বাসটির যাত্রী শাহ আলম জানান, তিনি সকাল সোয়া ৮টায় নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে গাজীপুর টঙ্গী থেকে হিমাচল (ঢাকা মেট্রো-গ-১৫-০৪৬৩) বাসে উঠেন। গাড়ি চালক ঢাকা থেকে রওয়ানা হওয়ার পর গাড়ি চালানো অবস্থায় কিছুক্ষণ পরপর সিগারেট খাওয়া শুরু করেন।

যানজট কাটিয়ে বেলা অনুমান ২টার দিকে বাসটি চান্দিনা উপজেলা গেইট অতিক্রম করার পর চালক তার হেলপারের কাছে আবারও সিগারেট চান। হেলপার চালকের উদ্দেশ্যে দূর থেকে একটি সিগারেট ছুড়ে মারলে চালক গাড়ি চালানো অবস্থায় ওই সিগারেটটি হাতে নিয়ে মুখে গুঁজে দেয়। বাসটি কাঠেরপুল অতিক্রম করার পর চালক ম্যাচ দিয়ে সিগারেটে আগুন জ্বালানোর চেষ্টা করতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে উল্টে যায়।

চালকের এমন আচরণে বাস দুর্ঘটনাটির মূল কারণ উল্লেখ করে অন্য যাত্রীরা ওই চালকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ময়নামতি ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মেহেদী হাসান খান জানান, দুর্ঘটনার সময় সিগারেট জ্বালানোর বিষয়টি যাত্রীদের অনেকের কাছ থেকেই শুনেছি। অনেক যাত্রী আহত হলেও তাদের মধ্যে কেউ গুরুতর আহত হয়নি। বাসটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু