কুমিল্লা ধর্মসাগরে ডুবে ২ স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ০০:০৯

কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী ধর্মসাগরে ডুবে শিহাব ও ফাহিম নামের ২ স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। শিহাব চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার এসআই আবদুল মান্নানের ছেলে। ফাহিম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শওকত হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র শিহাবের জন্মদিন পালন শেষে সে তার সহপাঠী কুমিল্লা মডার্ন স্কুলের একই শ্রেণির ছাত্র ফাহিমসহ আরও কয়েকজন বন্ধু বিকাল পৌনে ৩টার দিকে ধর্মসাগরে নামে। এক পর্যায়ে শিহাব ও ফাহিম পানিতে তলিয়ে যায়। তাদের খুঁজে না পেয়ে পরে ডাকা হয় ফায়ার সার্ভিসকে।

সহপাঠী, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে শিহাব ও ফাহিমের নিথর দেহ উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার উভয়কে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উভয়ের স্বজন ও সহপাঠীরা হাসপাতালে পৌঁছায়।

কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার জানান, বৃহস্পতিবার সরকারী নির্দেশে ক্লাস হয়নি, ক্লাসে শিহাবের রোল নং ছিল ৩৪, ধারণা করা হচ্ছে ছাত্ররা বাসা থেকে বের হয়ে ধর্মসাগরে এসেছিল।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দিন জানান, ২ ছাত্রের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

ইত্তেফাক/নূহু