মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানানোর পর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটি বলেছে যুক্তরাষ্ট্রের উচিত ‘মাথা ঠান্ডা’ করে সিদ্ধান্ত নেয়া। কারণ এ ধরনের বাণিজ্য যুদ্ধ প্রকারান্তরে বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। চীনের একজন শীর্ষ কূটনীতিক ওয়াশিংটনের উদ্দেশে গতকাল এই আহ্বান জানিয়েছেন।
ওয়াং ই নামের ওই কূটনীতিক বলেছেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে এভাবে তারা বেইজিংকে জব্দ করবে তাহলে তাদের চিন্তায় ভুল হচ্ছে। চীনকে ভয় দেখানোর কোনো কৌশল তাদের কাজে আসবে না। কারণ বিশ্বজুড়ে চীনের বানিজ্যের যে ব্যাপকতা তাতে সামান্য শুল্ক আরোপের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র নিজের শক্তি ক্ষয় করছে।
যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন, আসুন এভাবে ‘যুদ্ধে’ না জড়িয়ে আমরা কুটনৈতিকভাবে সমস্যার সমাধান করি।
উল্লেখ্য, বাণিজ্য নিয়ে দুই দেশের টানাপোড়েনের মধ্যে ২০ হাজার কোটি ডলার মূল্যের চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবছেন বলে সম্প্রতি জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি এর আগে ১০ শতাংশ শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিলেন।
ইত্তেফাক/ জেআর
