মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান বাংলাদেশের

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১২:৫০
রোহিঙ্গা সংকট দূরীকরণে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি আবারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল শীর্ষস্থানীয় ডেমোক্রেট মার্কিন সিনেটর জেফ মার্কলের  সঙ্গে সাক্ষাতকালে এমন আহ্বান জানিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। 
 
গতকাল যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ডেমোক্রেট সিনেটর জেফ মার্কলের সঙ্গে সাক্ষাত করেন জিয়াউদ্দিন। তিনি তার কাছে বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন। জানান যে, বাংলাদেশ সীমিত সম্পদ নিয়েও ১০ লাখেরও বেশি রোহিঙ্গাদের দেখভাল করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 
রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিয়ানমারের ওপর সহিংসতা বন্ধ করতে চাপ অব্যাহত রাখার আহবান জানান। পাশাপাশি বাংলাদেশ ও মিয়ানমারে অবস্থানরত রোহিঙ্গাদের কাছে মানবিক সাহায্য পাঠানো অব্যাহত রাখার আহবানও জানান।
 
রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় মার্কলে জানতে চান যে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আর কি কি করতে পারে। এসময় রাষ্ট্রদূত মিয়ানমারের ওপর সহিংসতা বন্ধ করতে ও রোহিঙ্গাদের তাৎক্ষণিকভাবে ফিরিয়ে নিতে চাপ অব্যাহত রাখার আহবান জানান।
 
মার্কলে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার ব্যাপক প্রশংসা করেন।  এত বিশাল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি গভীর শ্রদ্ধাবোধ প্রকাশ করেন। 
 
উল্লেখ্য, মার্কলে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির একজন প্রভাবশালী সদস্য। তিনি গত বছরের নভেম্বরে বাংলাদেশে সফর করা একটি মার্কিন কংগ্রেস সদস্যদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সেসময় তারা কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। 
 
ইত্তেফাক/ জেআর