কক্সবাজারে ইউএনএইচসিআর এর বিদেশি কর্মকর্তার লাশ উদ্ধার

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৩:০২
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেল এলাকায় সোলিমান মুলাটা নামে রোহিঙ্গা শিবিরে কর্মরত এক ইউএনএইচসিআর কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি প্রায় অর্ধ গলিত অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (২ আগস্ট) সকালে জোয়ারের পানিতে এই লাশ ভেসে আসে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান।
 
পুলিশ জানিয়েছে, নিহত কর্মকর্তার নাম সোলিমান মুলাটা। তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে কর্মরত এক ইউএনএইচসিআর কর্মকর্তা এবং ইথিওপিয়ার নাগরিক। গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।
 
স্থানীয় বাসিন্দারা জানান-বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সমুদ্রে পূর্ণ জোয়ার হয়। এ সময় জোয়ারের তোড়ে গভীর সমুদ্রের দিক থেকে লাশটি ভেসে আসে। পরে ভাটার সময় তা চরে আটকা পড়ে। লাশটি অনেকটা বিকৃত হয়ে গেছে বলে জানান তিনি।
 
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, সোনাদিয়া চ্যানেলে পাওয়া লাশটি সোলিমান মুলাটার। তার পকেটে থাকা ডকুমেন্ট থেকে পরিচয় জানা গেছে।তিনি আরও জানান, গত এক বছর ধরে রোহিঙ্গা শিবিরে ইউএনএইচসিআর’র এর হয়ে কর্মরত ছিলেন তিনি। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
 
গত সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বের হয়ে আর ফিরে আসেননি সোলিমান মুলাটা। পরে তার নিখোঁজের বিষয়টি কক্সবাজারের পুলিশকে জানান ইউএনএইচসিআর’র এক কর্মকর্তা।
 
ইত্তেফাক/কেআই